উত্তরদিনাজপুর

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা নিয়ে এলো ইসলামপুরের স্বর্ণালী রাউৎ

নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটেতে অংশ নিয়ে সোনা নিয়ে এলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মেয়ে। স্থানীয় দুর্গা নগরের স্বর্ণালী রাউৎ নামে এক কিশোরী জুনিয়র একক কাতা বিভাগে সোনা নিয়ে ঘরে ফিরল। এছাড়াও স্বর্ণালী ফাইটিং বিভাগে রূপা পেয়েছে। স্বর্ণালীর মতো জুনিয়র কাতাতে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার মনোজ সাহাও পেয়েছেন সোনা। একই রকম ভাবে ফাইটিং বিভাগে সেও রূপা নিয়ে আসে। সিনিয়র ফাইটিং বিভাগে ইসলামপুরের কলেজ পাড়ার শশীকান্ত শীল পেয়েছে রূপা। বিজয়ী তিন জনেরই কোচ ছিলেন ইসলামপুরের প্রদীপ শিকদার।

            তিনি জানান,চলতি মাসের ১৭ ও ১৮ জুন নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।সেখানে অংশ নেয় ভারতের পাশাপাশি, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই পাঁচটি দেশের প্রায় ৩০০ জন।তার মধ্যে ভারত থেকে ১০০ জন এবং পশ্চিমবঙ্গের মধ্যে ১০ জন এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৪ টি গোল্ড মেডেল এসেছে তার মধ্যে নর্থ বেঙ্গলে পায় দুটি। এর আগেও ইসলামপুরের থেকে একাধিক পড়ুয়া আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা থেকে জিতে নিয়ে আসে সোনা, রূপা ও ব্রোঞ্জ। এবারেও ইসলামপুরের থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে এবং সোনা ও সিলভারের মেডেল জিতে বাড়ি ফিরেছে। সম্প্রতি ভারতের জাতীয় ক্যারাটে দলের সহকারী কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন ইসলামপুরের অভিজিৎ পাল। দায়িত্ব পেয়েই অভিজিৎ পালের পরিচালনায় মালেশিয়ায় অভাবনীয় সাফল্য পায় ভারতীয় ক্যারাটে দল। অলিম্পিককেই পাখির চোখ হিসাবে দেখছেন অভিজিৎ। পাশাপাশি কোচ প্রদীপ সরকারের পরিচালনায় ইসলামপুরের সোনার মেয়ে স্বর্নালীর সাফল্যে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে শহরবাসী।ছাত্রীর এই সাফল্যে খুশি তিনি। এমনকি মেয়ের এই সাফল্যে পরিবারের প্রত্যেকেই খুব খুশি।